জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের জানাজা করতে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

বুধবার ১৭ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যুদ্ধের সময় যেখানে তিন ভাগের এক ভাগ মুক্তিযোদ্ধা জানাজা পায়নি, কবর পায়নি, সেখানে জামায়াতের সাবেক আমির গোলাম আজমকে তিন দিন পর জানাজা করতে দেওয়া ঠিক হয়নি। আমি সরকারে থেকেও বলছি, এজন্য জাতির কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত।

এছাড়া যুক্তরাষ্ট্রকে সারা বিশ্বে মৌলবাদী শক্তির জনক বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শান্ত-মরিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ইমামুল কবীর। অনুষ্ঠানের আয়োজন করেন, শহীদ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও শান্ত-মরিয়াম ফাউন্ডেশন। অনুষ্ঠানে ৭১’এর ১৭ ডিসেম্বর বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিহত ১১ জন মুক্তিযোদ্ধাকে স্মরণ করা হয়।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শব্দ সৈনিক শাহীন সামাদ ও ডালিয়া নওশিনকে সম্মাননা দেওয়া হয়।

ইআর