অবশেষে বেসরকারি বিমানসংস্থা ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট শনিবার সকাল ৭টা থেকে চালু হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব পথে উড্ডয়ন করবে ফ্লাইট।
দফায় দফায় বৈঠক শেষে শুক্রবার রাতে ফ্লাইট চালুর ঘোষণা দেনসংস্থাটির বিপণন ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।
সংকট কাটাতে পরিচালকদের বিবদমান দুই পক্ষের মধ্যে শুক্রবার দিনভর বৈঠকের পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। তার পরই সংস্থাটির পক্ষ থেকে বিমান উড্ডয়নের সিদ্ধান্ত নেয়া হয়।
ইউনাইটেড এয়ারের পদত্যাগী চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসবিরুল আহমেদ চৌধুরীকে স্বপদে ফিরিয়ে আনার মধ্য দিয়ে চলমান সংকট নিরসন হয়।সন্ধ্যায় সর্বশেষ সমঝোতা বৈঠকটি অনুষ্ঠিত হয় তাসবিরুলের উত্তরার বাসভবনে।
রাত পৌনে ৯টার দিকে সমঝোতা বৈঠক শেষে সংস্থাটির পরিচালক আফাজ মিয়া বলেন, তাসবিরুল আহমেদ চৌধুরীকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এমডির পদে ফিরিয়ে আনা হয়েছে। আর কার্যকরী চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন মাহাতাবুর রহমান।
তিনি আরও জানান, সমঝোতার পর শনিবার থেকে সংস্থাটির স্বাভাবিক কার্যক্রম ও উড্ডয়ন শুরু হবে।
মঙ্গলবার সন্ধ্যায় আর্থিক সংকটের কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য সব পথে তাদের বিমান উড়াল বন্ধের ঘোষণা দেন সংস্থাটির পরিচালনার সঙ্গে যুক্ত কর্মীরা। এর ফলে দেশে-বিদেশে কয়েক হাজার যাত্রী চরম বিপাকে পড়েন।
বেসরকারি সংস্থাটি দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, সিলেট, যশোর, কক্সবাজার, বরিশাল, রাজশাহী, সৈয়দপুর, ঈশ্বরদীসহ আটটি পথে এবং আন্তর্জাতিকভাবে লন্ডন, দুবাই,
কুয়ালালামপুর, কাঠমান্ডু, কলকাতা, জেদ্দা, ব্যাংকক, মাসকাট, সিঙ্গাপুরসহ নয়টি পথে বিমান পরিচালনা করে। দুই দিন বাদে এসব রুটে ফের চালু হলো ইউনাইটেডের ফ্লাইট।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





