গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২০ জন।
এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। নিহত শাপলা (৩০) প্রাক্তন চেয়ারম্যানের সমর্থক। তিনি সংঘর্ষে গুরুতর আহত হলে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।
এ ঘটনায় ২২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক একরাম জানান, টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন ও প্রাক্তন চেয়ারম্যান সাজিদুর রহমান মন্টুর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন। সংঘর্ষে চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে সংঘর্ষকারীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই ইউনিয়নের বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানসহ ২২ জনকে আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
আহতদের মধ্যে ৬ জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেএইচ





