মাদারীপুরের শিবচরে মিলন হাওলাদার (২৮) নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অটোচালক শিবচর উপজেলার বাহাদুরপুরের চরবাঁচামরা গ্রামের মৃত আদেল হাওলাদারের ছেলে।
এ সময় বাধা দিতে গেলে আব্বাস সরদার নামের এক যুবককেও কুপিয়ে পালিয়ে যায় তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আব্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাড়ির পাশের বাগানে মিলনকে ডেকে নিয়ে যায় ৪/৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। মিলনের চিৎকার শুনে আব্বাস সরদার নামের এক যুবক ছুটে এলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই অটোচালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে আব্বাস সরদারকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শিবচর থানার ওসি (তদন্ত) আবুল খায়ের খান জানান, 'খবর পেয়েই পুলিশের টিম ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
ইআর





