হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুসাকে গ্রেফতার করতে গিয়ে রামদার আঘাতে রক্তাক্ত হয়েছেন নবীগঞ্জ থানা পুলিশের ওসি ও এসআই।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের ওপর এ হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা শাহ সোহান আহমেদ মুসার দোকানে অভিযান চালায় পুলিশ। তখন মুসা দোকান থেকে বেরিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি কুপিয়ে সেখান থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর অবস্থায় ওসি উত্তম কুমারকে সিলেটে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। মুসাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এএস