সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ২টার দিকে পুদিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বড়বাড়ীর নূর মোহাম্মদের ছেলে তাজুল ইসলাম মোহন (২৩), বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোবিন্দরখিল গ্রামের মনি কাজীবাড়ীর আব্দুল সাত্তারের ছেলে দেলোয়ার হোসেন (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বেগমগঞ্জ সার্কেল (এএসপি) হাসান ইমামের নেতৃত্বে পুদিপাড়া গ্রামের প্রবাসী হুমায়ন কবিরের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় ওই ঘর থেকে সন্ত্রাসী মোহন এবং দোলোয়ারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি এলজি, তিন রাউন্ড বন্দুকের গুলি, ছয় রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, একটি ছোরা ও সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা লক্ষ্মীপুরের চাঞ্চল্যকর শিমা হত্যা মামলার অন্যতম আসামি মানিক বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।

সোনাইমুড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) হানিফ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বুধবার রাতে চাঁদার দাবিতে বেগমগঞ্জ উপজেলার আমানউল্ল্যাহপুর ইউনিয়নের কাছিআটা ও করিমপুর গ্রাম থেকে তিন ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় মানিক বাহিনী। পরে বৃহস্পতিবার ভোরে তাদের দাবিকৃত চাঁদা কয়েকদিনের মধ্যে পরিশোধ করবে এ শর্তে অপহৃতদের ছেড়ে দেয় মানিক বাহিনী।

কেএইচ