আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে গুলি চালানো বা এই ধরণের কোনো কাজের ক্ষেত্রে আপনাদের জুলিশিয়াল মাইন্ড প্রয়োগ করতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যারা নির্বাচনের কাজে নিয়োজিত থাকবেন- তারা আপনাদের আদেশেই দরকার অনুযায়ী গুলি চালাবেন। সুতরাং আপনারা পরিস্থিতি বিবেচনা করে মতামত দেবেন। যারা আপনাদের আদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আনতে গুলি চালানো বা এই ধরণের কোনো কাজ করবেন সেক্ষেত্রে আপনাদের জুলিশিয়াল মাইন্ড এ্যাপ্লাই করতে হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্য করে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্বিতীয় দিনের ব্রিফিংয়ের এসব কথা বলেন তিনি।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আমরা চাই প্রতিটি ভোটার যেনো নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারেন।

এমন এক মূহুর্তে আমরা এখানে একত্রিত হয়েছি যখন জাতি এই নির্বাচনটির দিকে তাকিয়ে আছে। শুধু জাতিই নয়, সারাবিশ্ব আমাদের এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়।

এরকম নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের পেশাগত যোগ্যতার মাধ্যমে প্রমাণ করতে হবে  যে, অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা নিরপেক্ষ এবং অত্যন্ত যোগ্য।

আচরণবিধি যেনো যথাযথভাবে পালিত হয়, সকল প্রার্থী যেনো সমান সুযোগ পায়। এই নির্বাচন কর্মকাণ্ড পরিচালনায় আপনাদের একদমই নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচনটা হতে হবে আইনানুগ।

আপনারা জানেন যে, এই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করছে। যেহেতু সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস এই নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

এসএম