ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ১১টি ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্রে দফায় দফায় সংঘর্ষ, ব্যালট পেপার ছিনতাই ও ব্যালট বাক্স ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১২জন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে।


প্রিজাইডিং অফিসার ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাল ভোট প্রদান ও ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে নেমে পড়ে। এতে কমপক্ষে ১২জন আহত হয়।


এ ঘটনার পর রাণীশংকৈল উপজেলার বলঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিপুর উপজেলার তররা হাফিজিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, দেহট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোসলিম উদ্দিন ডিগ্রী কলেজসহ ৫টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত রাখে প্রিজাইডিং অফিসাররা।


এছাড়া শান্তিপূর্ণভাবে বাকি কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


এ বিষয়ে জেলা পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, দু'-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে।

এম আর