তিনদিনে যানজট, ধীরগতি ও থেমে থেমে গাড়ি চলার পর অবশেষে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ রবিবার (১১ আগস্ট) দুপুর ২টা থেকে এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি পৌঁছাতে পারছেন।
সড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকা ঘুরে কোথাও যানজট দেখা যায়নি। গাড়ির কোনও চাপ নেই। সড়কটিও ফাঁকা।
এর আগে টানা তিন দিন ধরে মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত যানজটের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।
এদিকে আজ তীব্র যানজট থাকায় বিক্ষুব্ধ হয়ে উঠেন যাত্রীরা। তারা মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
পুলিশ জানায়, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত কয়েকবার টোল আদায় বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। এছাড়া সেতুর ওপরে পুরনো কয়েকটি গাড়ি বিকল হওয়ায় সেসব গাড়ি সরিয়ে নিতে সময় লাগে। এতেই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলের ট্র্যাফিক ইন্সপেক্টর এশরাজ জানান, বিকেল থেকে এ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবুও সাত শতাধিক পুলিশ যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এএস





