নারায়ণগঞ্জে ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় নিয়াজুল ইসলাম খানের খোয়া যাওয়া পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। এসময় ১০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে নগরীর চাষাঢ়ার সাধু পলের গির্জার সামনে থেকে একটি ফুলের টবে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গেলো ১৬ জানুয়ারি চাষাঢ়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় পিস্তল বের করেন সাংসদের অনুসারী নিয়াজুল। পরে তাকে আইভীর সমর্থকরা রাস্তায় ফেলে মারধর করে। এসময় তার পিস্তলটি খোয়া যায়। এটি তার লাইসেন্স করা অস্ত্র বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ফুলের টবে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে। অস্ত্রটি ৭.৬ বোরের এবং ইতালিতে তৈরি। পিস্তলটি কীভাবে সেখানে গেলো তা জানাতে পারেনি পুলিশ।

এর আগে অস্ত্র খোয়া যাওয়ার পরদিনই অস্ত্রের মালিক নিয়াজুল ইসলাম তার ছোট ভাই রিপন খানের মাধ্যমে সদর মডেল থানায় একটি জিডি করেন।

ওসি আরও জানান, অস্ত্রটি পুলিশ হেফাজতে আছে। অস্ত্র উদ্ধার করতে পারলেও নিয়াজুলকে এখনও গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেড