ঢাকার ধামরাই উপজেলার ডাউটিয়া এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে ঢাকাগামী গ্লোন্ডেন লাইন পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক নিহত হন। এসময় আহত হন বাসের পাঁচ যাত্রী। আহতদের উদ্ধার করে ধামরাই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান মাহমুদ বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ওএফ





