মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় শুক্রবার ভোরে মাদ্রাসার তিন শিক্ষক ও এক ছাত্রসহ ৬ রোহিঙ্গাকে হত্যার ঘটনায় শনিবার (২৩ অক্টোবর) রাতে কক্সবাজারের উখিয়া থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মামলায় ২৫ জনের নাম উল্লেখ এবং ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।”
রোহিঙ্গারা জানান, গত কয়েক সপ্তাহ ধরে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ক্যাম্প পাহারা শেষে বেশ কয়েকজন রোহিঙ্গা স্বেচ্ছাসেবী ক্যাম্পের ভেতরে অবস্থিত ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়া’ মাদ্রাসায় ঘুমাতেন। শুক্রবার (২২ অক্টোবর) ভোরে ওই মসজিদে অতর্কিত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ৬ রোহিঙ্গাকে হত্যা করে মুখোশধারীরা।
এরআগে গত ২৯ সেপ্টেম্বর রোহিঙ্গাদের শীর্ষস্থানীয় নেতা মুহিবউল্লাহ হত্যার ২৩ দিনের মাথায় সশস্ত্র ও মুখোশধারীদের হামলায় শুক্রবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
এমবি





