ফকিরহাটে পণ্যবাহী ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জুয়েল (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক দুলাল।

শুক্রবার সকালে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুকদাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল খুলনার রুপসা উপজেলার পাঁচালী গ্রামের নুর মোহম্মদের ছেলে।

বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী জানান, মংলার কিংব্রান্ড সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্ট নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাকটি শুকদাড়া এলাকায় পৌঁছলে সামনে চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের হেলপার জুয়েল ঘটনাস্থলেই মারা যান।

এতে গুরুতর আহত হন চালক দুলাল। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেআই