নিজেকে বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট পরিচয় দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপারের সঙ্গে প্রতারণাকালে এক তরুণকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইমন হোসেন (২২)।

শনিবার সন্ধ্যার দিকে নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরী রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের এস আই সন্তোষ চাকমা জানান, শুক্রবার দুপুরে ফ্লাইট লেফটেন্যান্ট সাহেদ পরিচয় দিয়ে এক তরুণ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়ার সঙ্গে দেখা করতে যান।

জেল সুপার নামাজে থাকায় দায়িত্বরত কারারক্ষীরা তাকে অপেক্ষা করতে বলেন। এ  সময় ওই তরুণ প্রথমে কারারক্ষী এবং পরে জেল সুপার নামাজ থেকে ফিরে আসলে তার সঙ্গেও অশোভন আচরণ করেন। এ ঘটনার পর জেল সুপার কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং পরবর্তীতে সেনা গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিশ্চিত হন ওই তরুণ ভুয়া ফ্লাইট লেফটেন্যান্ট।

ঘটনা নিশ্চিত হয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সন্ধ্যার দিকে নগরীর আইস ফ্যাক্টরী রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে তাকে সদরঘাট থানায় হস্তান্তর করা হয়।

এসএইচ