করোনাভাইরাসের কারণে সারা দেশে সাধারণ ছুটি চলছে। বন্ধ রয়েছে স্কুল, কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও মার্কেট। অর্থনৈতিকভাবে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

এমন অবস্থায় ঢাকাসহ সারা দেশের বাড়ি ও দোকান মালিকদের ভাড়া মওকুফ চেয়ে অবস্থান ধর্মঘট শুরু করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। গত মঙ্গলবার থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের পাদদেশে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান ধর্মঘট শুরু করেছে।

মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা বলেন, দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তা অনুমান করা মুশকিল। তবে এখন মানুষজন বেকার হয়ে বসে আছে। কোনো কাজ নেই। খাদ্যের অভাবে অনেকেই খেতে পারছে না, রাস্তায়ও নেমে আসছে লোকজন। যেখানে মানুষ ভাত পাচ্ছে না সেখানে বাড়িভাড়া দেবে কীভাবে? দোকানপাট অনেকদিন ধরেই বন্ধ।

আমাদের দেশের বেশিরভাগ মানুষের এত সঞ্চয় নেই যে তারা দীর্ঘদিন দোকান বন্ধ রেখে নিজেদের পেট চালিয়ে নেবে। তারপরে দোকান ভাড়া দেবে কীভাবে? তাই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাচ্ছেন যাতে ঢাকাসহ সারা দেশের মানুষের কথা চিন্তা করে ৩ মাসের দোকান ও বাড়ি ভাড়া মওকুফ করার জন্য ব্যবস্থা নেবেন। সেই সঙ্গে সব পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল মওকুফ করার দাবি জানান তারা।

আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা চান সব ধরনের টিউশন ফি মওকুফ করা হোক। জনগণের জন্যই তো সরকার, তাই জনগণের কথা চিন্তা করে কোনো শর্ত বা ব্যক্তি উদ্যোগ ছাড়া সরাসরি সরকারিভাবে ঘোষণা চান, বাড়ি, দোকান ও টিউশন ফি মওকুফ করা হোক।

এএস