রাজধানীর রাজারবাগে গ্রিন লাইন পরিবহনের কাউন্টারে এডিস মশার লার্ভা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ আগস্ট) ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত রাজারবাগে গ্রিন লাইন পরিবহনের কাউন্টারে এই অভিযান চালান বলে নিশ্চিত করেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি জানান, নগরে এডিস মশা নিধনে নিয়মিত অভিযান পরিচালনা করছে সিটি করপোরেশন। তারই ধারাবাহিকতায় রাজারবাগে অভিযান চালানো হয়েছিল।

গ্রিন লাইন পরিবহনের কাউন্টারে এডিসের লার্ভা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নগরের অন্যান্য এলাকায় আরও ১২টি ভবন ও প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়ায় ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ নেওয়াজ বলেন, ‘গ্রিন লাইন পরিবহনের রাজারবাগ কাউন্টারের একপাশে পরিবহন কর্তৃপক্ষ অনেকগুলো টায়ার স্তূপাকারে জমা রেখেছে।

অভিযানকালে দুটি টায়ারের মধ্যে প্রচুর পরিমাণে লার্ভা পেয়েছি। সেজন্য তাদের বিরুদ্ধে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।’

এইচএন