ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে বাংলাদেশী যুবক শ্রীকান্ত রায়কে (২৮) গুলি করে হত্যার ৫ দিন পর তার লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার দুপুর ২ টায় ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ জোওয়ানরা এ লাশ হস্তান্তর করেছে। এর আগে সকালে দু-দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
শ্রীকান্তের বাবা খেলু রাম জানান, গত সোমবার থেকে লাশ ফেরত দেয়ার প্রক্রিয়া চলছে। লাশ আজ ফেরত দিবে, কাল দিবে করে গত সোমবার থেকে সীমান্তে দাড় করিয়ে রেখেছে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম। মনে করেছিলাম লাশ ফেরত দিবে না। অবশেষে ছেলের ফুলে যাওয়া অর্ধগলিত লাশ ফিরে পেলাম। তবুও নিজের মনকে শান্তনা দিতে পারছি যে ছেলেকে শেষ দেখা দেখতে পাচ্ছি।
কান্দাল ক্যাম্পের বিজিবি কমান্ডার জানান, গত সোমবার থেকে লাশ ফেরতের ব্যাপারে বিএসএফ সদস্যদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছিলাম। অবশেষে বৃহস্পতিবার সকালে আমাদের পাঠানো বার্তায় সাড়া দিলে উভয় দেশের পাতাকা বৈঠক হয়। পরে তারা নিহত যুবকের লাশ ফেরত দেয়। লাশ ফেরতের সময় হরিপুর থানার ওসি তদন্ত আব্দুস সবুর, কান্দাল ক্যাম্পের বিজিবি সদস্যরা, নিহত যুবকের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যার সময় ভারতের পাঞ্জাবে ইটভাটায় কাজ করার উদ্দেশ্যে কান্দাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ জোওয়ানরা তাকে গুলি করে হত্যা করে। সারারাত সীমান্তে পড়েছিল শীকান্তের লাশ। সোমবার সকালে খোচাবাড়ী সীমান্তের বিএসএফ সদস্যরা লাশ তুলে নিয়ে যায়।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এমআর





