রাজধানীর মিরপুরের কালশি রোডে রাস্তা পার হওয়ার সময় মিল্কভিটা কোম্পানির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে পাঞ্জাবি ও লুঙ্গি। আজ শনিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পরে পুলিশ ওই বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ১২টায় মৃত ঘোষণা করেন।
তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, মিরপুর কালশী রোডে হেঁটে রাস্তা পার হওয়ার সময় মিল্কভিটা কোম্পানির একটি কাভার্ডভ্যান ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পথচারীরা তাঁকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে তাঁকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই মিজানুর রহমান জানান, ঘটনাটি কেউ বলছে কালশী রোডের ২২তলা এলাকায় আবার কেউ বলছে আধুনিক হাসপাতালের সামনে ঘটেছে। দুর্ঘটনার পরপর পথচারীরা ৯৯৯-এ কল করে। এরপর ট্রাফিক পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে। তবে এর চালক পালিয়ে গেছে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
এমআর





