চাঁপাইনবাবগঞ্জে এক ভুয়া আয়কর কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের পুরাতন বাজার এলাকার একটি বইয়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হায়দার রহমান দিনাজপুর জেলার কোতায়ালী থানার দিলদার পাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।
ওসি বলেন, “জেলা শহরের পুরাতন বাজার এলাকায় ‘চাঁপাই বুক ডিপো’ এর মালিক নাসিরুল ইসলামের কাছে আয়করের ফাইল দেখার নাম করে অর্থ আদায়ের চেষ্টা করছিল সে। তার কথাবার্তা ও কার্যক্রম সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশে খবর দেয় ওই প্রতিষ্ঠানের মালিক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হায়দারকে আটক করে।”
চাঁপাইনবাবগঞ্জ আয়কর সার্কেল-১৫’র কর পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, “হায়দার দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নিজেকে আয়কর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করতো। তার বিরুদ্ধে অভিযোগ আমাদের কাছে ছিল।”
তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে তাকে শনাক্ত ও আটকের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এতদিন তাকে আটক করা যায়নি। আজ ব্যবসায়ীদের সহায়তায় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।”
এমবি





