নড়াইলের লোহাগড়া-লাহুড়িয়া সড়ক সংস্কার কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
রোববার (২১ মে) এ সড়কের মাকড়াইল এলাকায় সড়কে অবস্থান নেয় স্থানীয় বাসিন্দারা। তারা তীব্র প্রতিবাদ করেন। প্রতিবাদের মুখে কাজ বন্ধ করা হয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, লোহাগড়া-লাহুড়িয়া সড়কের শিয়রবর থেকে মাকড়াইল পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়ক কার্পেটিং করা হচ্ছে। এতে ১ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ হয়। ফরিদপুরের ভাঙ্গার এ কে এম অকরামুজ্জামান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সড়কে অতি নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। এ খোয়া দিয়ে কাজ করলে সড়ক ছয় মাসও টিকবে না। এলাকাবাসী সড়কে অবস্থান করে প্রতিবাদ করায় কাজ বন্ধ হয়েছে। এরপর থেকেই এলাকার লোকজনের প্রতি প্রভাবশালী মহল চাপ দিচ্ছে।
লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান দাউদ হেসেন বলেন, এলাকাবাসীর সঙ্গে প্রতিবাদ করতে তিনিও যোগ দিয়েছিলেন। তিনি আরও বলেন, নিম্নমানের খোয়া দিয়ে কাজ করা না করা সমান কথা। উপজেলা প্রকৌশলীর সঙ্গে ঠিকাদারের সখ্যতার জন্যই এমন নিম্নমানের খোয়া ব্যবহার হচ্ছে।
উপসহকারী প্রকৌশলী এস এম খালেকুজ্জামান বলেন, এলাকাবাসীর প্রতিবাদের কারণে ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এই নিম্নমানের খোয়া অপসারণ করে ভালো খোয়া এনে কাজ করতে হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের ভাই আবুল বাসার বলেন, খোয়া মেশিনে ভাঙায় বেশি গুড়ো হয়ে যাওয়ায় নিম্নমানের মনে হচ্ছে। প্রকৃতপক্ষে খোয়া নিম্নমানের না।
হুমায়ুন/এমবি





