সিরাজগঞ্জ সদর উপজেলায় জিয়াসমিন বেগম (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী স্বপন।

শনিবার(১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।

পাঁচ বছর আগে জিয়োসমিনের সাথে স্বপনের বিয়ে হয়। জেলার সদর উপজেলার যমুনার চরাঞ্চলের মেছড়া ইউনিয়নের মাটিকোড়া গ্রামে স্বপনের বাড়ি। স্বপনের বাবার নাম নুরুল ইসলাম।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, ৫ বছর আগে স্বপনের সঙ্গে বিয়ে হয় জিয়াসমিন খাতুনের। বিয়ের পর বিভিন্ন সময় স্বামীর চাপের কারণে জিয়াসমিন তার বাবার বাড়ি থেকে তাকে টাকা এনে দিতেন।

সম্প্রতি স্বপন আরো টাকা এনে দিতে বললে জিয়াসমিন অপারগতা প্রকাশ করলে তার ওপর নির্যাতন শুরু হয়। এরই এক পর্যায়ে শুক্রবার রাতের কোনো এক সময় জিয়াসমিনকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান স্বপন।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে দুপুর ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ইআর