শালিখা থানার আড়পাড় বাজারে পুলিশের হাতে মাইক ব্যবসায়ী তিব্বত বিশ্বাসকে মারধরের ঘটনায় মাগুরা-যশোর মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। বিচারের আশ্বাস দিলে দুই ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয় ব্যবসায়ী সংগঠনের নেতারা।
মাইক ব্যবসায়ী তিববত বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শালিখা থানার এসআই গৌতম কুমার বিশ্বাস একটি মাইক ভাড়া চান। মাইক থাকলেও ব্যাটারি নেই এ কথা শোনার সাথে সাথে এসআই গৌতম ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
তিব্বত বিশ্বাসকে মারপিটের ঘটনা ছড়িয়ে পড়লে সকল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিয়ে সড়কে অবস্থান নেয় এবং দায়ী পুলিশ কর্মকর্তার বিচার দাবি করে শ্লোগান দিতে থাকে।
আড়পাড়া বণিক সমিতির সভাপতি মুন্সী মোস্তফা জানান, দেশ ব্যাপী অবরোধ থাকার কারণে সকল ব্যবসায়ীরা কঠিন সময় পার করছে। তার উপর পুলিশ কর্তৃক মারধরের ঘটনায় মাগুরা-যশোর মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করে দোকান মালিক সমিতির লোকজন।
এ ঘটনায় ওসি বিপ্লব কুমার নাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা দুই ঘন্টা পর অবরোধ তুলে নেয়। পুলিশ জনগনের সেবক হলেও পুলিশের মধ্য বর্তমানে সেবার বিষয়টি ল্য করা যাচ্ছে না বলে ব্যবসায়ী এ নেতা মন্তব্য করেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বাস্তবে কি ঘটেছিল সে বিষয়টি তদন্ত করে দেখা যাবে বলেও তিনি জানান।
জেআই





