সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবেলা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক টুইট বার্তায় তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং সচিব মো. শহিদুল হকের সঙ্গে বৈঠক হয়েছে বলে টুইটে জানান তিনি।
এর আগে সকাল ৮টায় তিন দিনের সফরে ঢাকায় আসেন নিশা দেশাই।
ধারণা করা হচ্ছে, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ ছাড়াও সমসাময়িক ইস্যু হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতা, মুক্ত মতের চর্চায় বাধা, মার্কিন দূতাবাস কর্মকর্তা, শিক্ষক ও ব্লগার খুনসহ সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন মার্কিন এই কূটনীতিক।
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে এসেছিলেন নিশা দেশাই। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরও দুই দফা ঢাকায় আসেন তিনি।
ওএফ





