রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে আবাসিক ভবনে আগুনে দগ্ধ শহিদুল ইসলাম (৪০) মারা গেছেন। এ নিয়ে তার পরিবারের দগ্ধ তিনজনই মারা গেলেন।
আজ সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, শহিদুলের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে রোববার আগুনে দগ্ধ শহিদুলে স্ত্রী জান্নাতুল ফেরদৌসও না ফেরার দেশে পারি জমান। তার শরীরের ৯৫ শতাংশ পোড়া ছিল।
গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর ইস্কাটনের দিলু রোডের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন লেগে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়, দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশু রুশদির বাবা-মা।
ভবনে আগুন লাগার বিষয়টি টের পেয়ে শিশু সন্তান এ কে এম রুশদিকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছিলেন বাবা-মা, এক ফাঁকে বাবার হাত ফসকে বেরিয়ে যাওয়া শিশুটি আগুন-ধোঁয়ার সঙ্গে লড়াইয়ে আর টিকল না।
বৃহস্পতিবার ভোরে ইস্কাটনের দিলু রোডের পাঁচতলা ভবনের তৃতীয় তলার সিঁড়িতে শিশুটির পোড়া দেহ পড়েছিল। তার বাবা শহীদুল কিরমানি রনি (৩৯) ও মা জান্নাতুল ফেরদৌসও (৩৪) মৃত্যুর সঙ্গে লড়তে থাকেন বার্ন ইউনিটে।
এএস





