ভোলার ইলিশা ফেরিঘাটের কাছাকাছি মেঘনায় ডুবচরে ১৫টি যানবাহন নিয়ে আটকা পরে আছে কলমিলতা নামের একটি ফেরি। শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে ফেরিটি আটকা পড়ে।

এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিশেষ করে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম বিড়ম্বনার মধ্যে পড়েছেন। এছাড়াও উভয় পাড়ে তীব্র জানজটের সৃষ্টি হয়েছে।

ফেরির ইনচার্জ আবু আলম ভূইয়া জানান, শুক্রবার ভোরে একটি বাস, ৯টি মালবাহী ট্রাক ও ৫টি অন্যান্য পরিবহন নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কলমিলতা। কিন্তু কিছুদুর যাওয়ার পরে ফেরিটি ডুবচরে আটকে যায়। অন্য ফেরির সাহায্যে ওই ফেরিটিকে উদ্ধারের জন্য কয়েকবার চেষ্টা করা হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। এখন জোয়ারের জন্য অপেক্ষা করতে হচ্ছে, যদি জোয়ারে উদ্ধার না হয়, তাহলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদে ঘরমুখো মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়বেন।

এদিকে, ভোলা সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগের সহজ মাধ্যম ভোলা-লক্ষ্মীপুর রুটে দু’টি ফেরি চলাচল করে আসছে। ডুবচরে কলমিলতা আটকে পড়ায় এখন চলছে মাত্র একটি ফেরি। ফলে ২ পাড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ঈদের আগ মুহূর্তে ফেরি বিপর্যয়ের কারণে চরম উৎকন্ঠায় পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ