ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল। বুধবার (০৬ এপ্রিল) খাতুনগঞ্জ-চাক্তাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

পুলিশ কমিশনার দেশের বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

তিনি বলেন, বর্তমান সরকার অত্যন্ত ব্যবসা ও বিনিয়োগ বান্ধব। ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে সরকার। ব্যবসায়ীরা শুধু মুনাফার জন্যেই ব্যবসা করছেন না। তারা একই সঙ্গে কর্মসংস্থান ও পণ্যসামগ্রীর সরবরাহ চেইনও স্বাভাবিক রাখছেন। তাই সমাজে ব্যবসায়ীদের গুরুত্ব অনস্বীকার্য।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি, ব্যবসায়ী নেতা মাহবুবুল আলম পুলিশ কমিশনারকে স্বাগত জানান। কমিশনারের সঙ্গে ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

মাহবুবুল আলম যানযট নিরসন, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাসহ ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পুলিশ কমিশনারের সহায়তা কামনা করেন।

সভায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও মেট্রোপলিটন চেম্বার পরিচালক আবুল বশর চৌধুরী, সহ-সভাপতি ও মেট্রোপলিটন চেম্বার পরিচালক মীর আবদুস সালাম, সাধারণ সম্পাদক ও চিটাগাং চেম্বারের পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, যুগ্ম সম্পাদক এস এম কামাল উদ্দিন, চট্টগ্রাম ডাল মিল মালিক সমিতির সভাপতি আহমদ রশিদ আমু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, সাবেক চেম্বার পরিচালক আলমগীর পারভেজ, চট্টগ্রাম রাইচ মিলস মালিক সমিতির নেতা ফরিদ উদ্দিন আহমদ, খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতা জানে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ওএফ