করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব আবুল খায়ের মো: মারুফ হাসান মারা গেছেন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সেলিম হোসেন জানান, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের সদস্য আবুল খায়ের মারুফ হাসান করোনার উপসর্গ নিয়ে গত ৭ এপ্রিল বাংলাদেশ পুলিশ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬টায় মৃত্যুবরণ করেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: মোহসীন।
এমবি





