সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস খাদে পড়ে কলেজ শিক্ষকসহ তিনজন জন নিহত হয়েছেন, আহত হন আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের পাটধারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

নিহতরা হলেন, উল্লাপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক রফিকুল ইসলাম (৪৫), সলঙ্গার পাটধারী এলাকার আবুল সরকারের ছেলে আব্দুল্লাহ (২৫) ও একই থানার বাগুদা এলাকার ভ্যান চালক আসাদুল ইসলাম (৩৫)।

ওসি আরও জানান, সিরাজগঞ্জগামী তালুকদার পরিবহনের বাসটি পাটধারী এলাকায় পৌঁছলে বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

“এ সময় বাসের ধাক্কায় রাস্তার পাশে থাকা এক ভ্যান চালক এবং বাসের দুই যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।”

আহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

ঘটনাস্থলে উল্লাপাড়া ও হাটিকুমরুল থানা পুলিশ এবং সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

জেআই