বান্দরবানের রুমায় ২টি পিস্তলসহ এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ জুলাই) দিনগত রাত ১টার দিকে ওই ইউপি সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

আটক ইউপি মেম্বারের নাম শৈহ্লাপ্রু (৫০)। তিনি রুমা সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার।

সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার দিনগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রুমা বাজারে ইউপি মেম্বার শৈহ্লাপ্রুর (৫০) বাড়িতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে একটি দেশীয় ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করে সেনাবাহিনী।

এছাড়া, পিস্তলের ছয় রাউন্ড গুলি, এম-১৬ -এর দুই রাউন্ড গুলিসহ ধারালো অস্ত্র ও নগদ এক লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়। একইসঙ্গে আটক করা হয় ওই মেম্বারকেও।

রুমা ইউপি চেয়ারম্যান শৈমং মারমা বলেন, ‘রাত ৩টা/৪টার দিকে উনি দুইটি অস্ত্রসহ মেম্বারকে আটক করে নিয়ে গেছে। এটুকুই শুনেছি। এর চেয়ে বেশি কিছু জানা নেই।’

সেনাবাহিনীর রুমা জোনের সিইও লে. কর্নেল গোলাম আরিকুল আলম অস্ত্রসহ মেম্বারকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

এমএনজে