জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরে অনুষ্ঠিত জনসভায় আসা একটি ট্রাকচাপায় সদরের তিতপল্লা ইউনিয়নের শীলকুড়িয়া এলাকায় আতিউর রহমান বাবু (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

বাবু তিতপল্লা ইউনিয়নের শীলকুড়িয়া এলাকায় মৃত আমিনুল ইসলামের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নরায়নপুর তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ।

অপরদিকে, বিকেলে সদরের বন্দেরপারা এলাকায় চাল বোঝাই একটি ট্রাকচাপায় সেকান্দর (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সিংহজানি খাদ্য গোদামের কর্মকর্তা আসাদুজ্জামান খান জানান, চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদ্য গুদামের শ্রমিকের ওপর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক সেকান্দর মারা যান।

তখন ট্রাকটি রেখে চালক পালিয়ে যান বলে তিনি জানান।

এমবি