রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- মো. হানিফ (৫৯) ও মো. তসলিম (২০)। এ সময় তাদের থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।
মঙ্গলবার (০৫ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ( মিডিয়া-ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার (০৪ এপ্রিল) বিকাল পৌনে ৪টায় রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় রোডের মেট্রো সিএনজি পাম্পে অভিযান চালিয়ে হানিফ ও তসলিম নামের দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবির (দক্ষিণ) একটি টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরসহ পার্শ্ববর্তী জেলা সমূহে অস্ত্র ও গুলি বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
ডিবির (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়
ওএফ





