নীলফামারীর সৈয়দপুরে র্যাব-১৩ ও সিপিসি-২ এর অভিযানে ৬ মণ গাঁজাসহ মাহমুদা বেগম (৪০) নামের এক মহিলাকে আটক করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ী মাহমুদা জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ গ্রামের চিহ্নিত মাদক ব্যাবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী।
র্যাব সদস্যরা গতকাল বৃহস্পতিবার রাতে ওই ব্যবসায়ীর বাড়ির নিজ শোয়ার ঘর থেকে বস্তা ভর্তি প্রায় ২৫ লাখ টাকা মূল্যের গাঁজা সহ তাকে আটক করে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় র্যাব-১৩ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গাঁজা উদ্ধার ও আটকের বিষয়টি জানান র্যাব-১৩ এর অধিনায়ক এটিএম আতিকুল্যাহ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে আনোয়ারের বাড়িতে অভিযান পরিচালনা করে র্যাব-১৩ এর একটি দল। এ সময় বাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো ২৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় মাদক ব্যবসায়ী আনোয়ার পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী মাহমুদাকে আটক করে র্যাব।
উপরোক্ত গাঁজা উদ্ধার সংক্রান্তে র্যাবের পক্ষে সৈয়দপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর





