লক্ষ্মীপুর জেলার রায়পুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। যুবলীগ নেতার নাম মনু মিয়া বলে জানা যায়।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুরুল হক আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি কৈসিক আহমেদ সোহেল জানান, মনু মিয়া উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার হায়দারগঞ্জের বটতলায় উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহীদ উল্যাহকে মনু মিয়া কুপিয়ে জখম করেন। এর জের ধরে চেয়ারম্যানের অনুসারীরা মনু মিয়াকে পিটিয়ে জখম ও দুটি বসতবাড়িতে ভাঙচুর চালায়।
এ সময় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ হয়। পরে আহত মনু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
এসএইচ





