ভোলা সদর হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন দেওয়ায় মঙ্গলবার সন্ধ্যার পর জেএসসি পরীক্ষার ফল প্রাথীরমৃত্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম নুপুর। সে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মধ্য রতনপুর গ্রামের মোঃ শাজাহানের মেয়ে ভোলা পৌর উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

নিহতের স্বজনরা জানিয়েছে নুপুরকে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫ টায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের নার্স নুপুরকে একটি ইনজেকশন দেয়ার কিছুক্ষণ পর সে মারা যায়। তার পরিবার এবং স্বজনদের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন বা ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা খবর শুনে হাসপাতালে জড়ো হলে অভিযুক্ত চিকিৎসক ডা: সুমাইয়া আখতার ও নার্স পালিয়ে যায়। এঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোলার সিভিল সার্জন ডা: রথিন্দ্রনাথ রায় জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এমই