চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের দু’টি টয়লেটে পাওয়া গেছে প্রায় সাড়ে ২৩ কেজি ওজনের ২০০টি স্বর্ণের বার।

আজ সকালে শুল্ক গোয়েন্দারা এসব স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটিতে সোনা উদ্ধারে অভিযান চালনো হয়। পরে বিমানের টয়লেটে দুইশটি স্বর্ণবার (২৩.৪০০ কেজি) পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে গোপন সংবাদ আসে ৮ এপ্রিল বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর BG-128 এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান করা হবে।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা সোমবার (৮ এপ্রিল) সকালে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে কৌশলগত অবস্থান নেন। সকাল ৬টা ৫ মিনিটে বিমান অবতরনের সাথে সাথে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমান ঘিরে ফেলে রামেজিং শুরু করেন।

প্রথমে শুল্ক গোয়েন্দারা বিমানের বিভিন্ন স্থানে তল্লাশি করতে শুরু করেন। রামেজিং এর একপর্যায়ে বিমানের টয়লেট নম্বর LAVATORY 3F-1L হতে ১০০টি এবং টয়লেট নম্বর LAVATORY 3F-1R হতে ১০০ টি, মোট দুইশটি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার ওজন ২৩.৪০০কেজি এবং বাজার মুল্য আনুমানিক ১২ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা জানায়, টয়লেটের বক্সের মধ্যে স্ক্রু দিয়ে আটককৃত স্বর্ণবারগুল লুকায়িত ছিল। এতে বিশ্বাস করার মতো যুক্তি সংগত কারণ রয়েছে যে সংশ্লিষ্ট ক্যারিয়ার বিমানের কোনও না কোনও কর্মীদের বা কর্মচারীর যোগসাজশ ছাড়া এধরণের চোরা চালান সম্ভব নয়।

বিমানের সুইপারসহ সন্দেহভাজন একাধিক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এএস