গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রানা সরকার (৩০) নামে এক যুবকের হাত-পায়ের রগ কর্তন করেছে দুর্বৃত্তরা। উপজেলা শহরের কালীবাড়ী বাজার এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে। রানা সরকার পলাশবাড়ী সদর ইউনিয়নের গৃধারীপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, রানা সরকার সকালে কালীবাড়ী বাজারের কেন্দ্রীয় কালীমন্দিরের পাশে একটি সেলুনে চুল কাটাতে আসেন। এ সময় ৮-১০ জনের সশস্ত্র দুর্বৃত্ত রানার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা রানার দু’পা ও ডান হাতের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় রানাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) মজিবুর রহমান জানান, এ ঘটনায় রানার পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
কেএইচ





