যাকাতের অর্থ আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে বিনিয়োগের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট গতকাল নোয়াখালীর সোনাইমুড়িতে ২১০টি দরিদ্র পরিবারের মাঝে প্রথম পর্যায়ে ২১ লক্ষ টাকা বিতরণ করেছে।
সিজেডএম'র আয়বর্ধন ও মানব উন্নয়ন কর্মসূচি ‘জীবিকার আওতায় বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং সিজেডএম এর সিইও ড. মোহাম্মদ আইয়ূব মিয়া এ তহবিল হস্তান্তর করেন।
নগদ তহবিল হস্তান্তর ছাড়াও প্রকল্পের সদস্যসহ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা, বিশুদ্ধ খাবার পানি এবং স্যানিটেশনের ব্যবস্থা করবে সিজেডএম। এ উদ্দেশ্যে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
প্রকল্পের আওতাধীন শিশুদের প্রাথমিক শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করার উদ্দেশ্যে ইতোমধ্যে ৩টি গুলবাগিচা প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। সিজেডএম এর তত্ত্বাবধানে এ সামগ্রিক কর্মসূচির মাধ্যমে আগামী ৪ বছরের মধ্যে সদস্যদের আয় বৃদ্ধি এবং জীবন মান উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে।
সিজেডএম এর জিএম খন্দকার জাকারিয়া আহমেদ জানান, প্রথম ধাপে প্রতি পরিবারের অনুকূলে ১০ হাজার টাকা হস্তান্তর করা হলেও পরবর্তীতে আরও প্রায় সমপরিমান তহবিল হস্তান্তর করা হবে।
প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় যাকাত আদায় ও যাকাতের অর্থে সমন্বিত কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য দূরীকরনের উদ্দেশ্যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চট্টগ্রাম, সিলেট এবং টাঙ্গাইলে মোট ১১০০ পরিবারের মানোন্নয়নে কাজ করছে সিজেডএম।
ঢাকা ও চট্টগ্রামের স্নাতক অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য মাসিক বৃত্তি কর্মসূচি, বস্তির শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা ও পুষ্টি কর্মসূচি, বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান কর্মসূচি এবং জরুরী মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে তারা। ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, টাঙ্গাইল, সিলেট, নোয়াখালী, গাজীপুর এবং ঠাকুরগাঁও জেলায় এ সকল কর্মসূচি বাস্তবায়ন করছে সিজেডএম।
সিজেডএম এর তহবিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোঃ আবদুল মান্নান, সিজেডএম এর জিএম খন্দকার জাকারিয়া আহমেদ এবং প্রকল্পের এরিয়া ম্যানেজার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর
জাতীয়
সিজেডএম যাকাত তহবিলের ২১ লাখ টাকা হস্তান্তর
যাকাতের অর্থ আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে বিনিয়োগের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট গতকাল নোয়াখালীর সোনাইমুড়িতে ২১০টি দরিদ্র পরিবারের মাঝে প্রথম পর্যায়ে ২১ লক্ষ টাকা বিতরণ করেছে।





