জয়পুরহাটের একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। এছাড়া আহত আছেন আরও তিন শ্রমিক।

বুধবার সকাল ১০টায় জেলার আক্কেলপুর উপজেলার জাফরপুর হিন্দুপাড়ার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় জানান, সকালে উপজেলার জাফরপুর এলাকার নিখিল চন্দ্রের বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে কয়েকজন শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।

পরে আরও দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এর পর ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে নেয়া হবে বলে জানান ওসি।

 

জেড