ব্রহ্মপুত্র নদের জেগে ওঠা চরের বাড়িঘরে পানি প্রবেশ করায় লোকজন ঘরবাড়ি ফেলে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছে।
শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারী ইউনিয়নের কুলুরচর বেপারীপাড়া এলাকায় নদী ভাঙনের কারণে গ্রামটির প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
নদীভাঙনে ক্ষতিগ্রস্তরা জানায়, গত বৃহস্পতিবার থেকে ব্রহ্মপুত্র নদ বেয়ে উজান থেকে ধেয়ে আসা বন্যার পানি আছড়ে পড়ছে কুলুরচর বেপারীপাড়া গ্রামে। এতে ওই এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনের মুখে পড়ে স্থানীয়রা তাদের ঘরবাড়ি নিরাপদে সরিয়ে নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয়দের অভিযোগ, ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে ও ভাঙনের শিকার অসহায় মানুষগুলোর সাহায্যে সরকারি ও বেসরকারিভাবে কোনো সাহায্য-সহযোগিতা পাওয়া যায়নি।
তাদের দাবি, অবিলম্বে ভাঙন ঠেকানোর উদ্যোগ না নিলে এ বছর কলুরচর গ্রামটির প্রায় এক হাজার ঘরবাড়ি ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়ে যাবে।
এ বিষয়ে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হাছানুজ্জামানবলেন, নদের শেরপুর ফেরিঘাট পয়েন্টে শুক্রবার থেকে ১৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এতে নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





