নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে শাহিন ফিরোজ ওরফে রনি (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জানা যায়।

উপজেলার বাসুদেবপুর চকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বুধবার ভোরে তাকে আটক করা হয়। রনি একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রনির বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এ সময় রনির শোয়ার ঘরের বিছানার নিচ থেকে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় নলডাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ