ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল বার্তা পাঠানোর ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কথিত হুমকিদাতার ই-মেইল অ্যাড্রেস [email protected] থেকে এ হুমকি আসে। ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে সীমান্ত নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে অজ্ঞাত একটি মেইল বার্তায় ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে না পারলে বোমা মেরে হাইকমিশন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
হুমকির বিষয় গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক নিশ্চিত করে বলেছিলেন, একটি ই-মেইল থেকে পাঁচ লাখ টাকা চেয়ে অস্ট্রেলিয়ান দূতাবাসের ই-মেইলে একটি বার্তা আসে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে। ঘটনার পর হাইকমিশন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেটের ই-মেইলে এ বার্তাটি আসে। তাতে লেখা ছিল, ৫ লাখ টাকা চাঁদা না দিলে বোমা হামলা করে হাইকমিশন উড়িয়ে দেওয়া হবে। চাঁদার টাকা পাঠাতে ওই মেইলে গ্রামীণফোন অপারেটরের একটি মোবাইল নম্বর এবং জনতা ব্যাংক গুলশান শাখার একাউন্ট নম্বরও দেওয়া হয়। এ বিষয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনের পক্ষ থেকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।
এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, [email protected] নামের যে মেইল থেকে হুমকি দেওয়া হয়েছে সেটি বাড্ডা লিংক রোডের এক ব্যবসায়ীর। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে তিনি পুলিশের কাছে দাবি করেছেন, তাকে ফাঁসানোর জন্যই কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
এমএনজে





