বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ রায় হত্যার সন্দেহভাজন আসামী শফিউর রহমান ফারাবীকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) থেকে ডিবিকে হস্তান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে ডিবিতে হস্তান্তর করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে আটক করে। পরে তাকে এই হত্যার ঘটনায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের কিছুক্ষণ আগে থেকেই ফারাবী যাত্রাবাড়ী থেকে চট্টগ্রামে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

গণমাধ্যমের কাছে হত্যাকাণ্ডের সঙ্গে ফারাবীর সম্পৃক্ততার বিষয়ে জানাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতরে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে।

অভিজিৎ রায় হত্যাকাণ্ডে শফিউর রহমান ফারাবী জড়িত বলে দাবি করেন র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেন, ফারাবী অভিজিৎকে ফেসবুকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। অভিজিতের বাবাও দাবি করেছে, দেড় বছর ধরে সে অভিজিৎকে হুমকি দিয়ে আসছে।

মুফতি মাহমুদ আরও বলেন, ‘ফারাবীর ফেসবুক কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখা গেছে, সে তার এক বন্ধুকে বলেছে, অভিজিৎ রায় আমেরিকায় থাকে। এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে, তখন তাকে হত্যা করা হবে।’

ফারাবী এর আগেও শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইমামকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার হন। পরে সে জামিনে মুক্তি পায় বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

কেএইচ