নানা উদ্যোগ আর অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় বাংলাদেশে হতদরিদ্রের হার ১২.৯ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংখ্যায় বললে ১৬ কোটি মানুষের মধ্যে দুই কোটি ৮০ লাখ অতি দরিদ্র এখন। অথচ ২০০৫ সালে এ হার ছিল ৪৩.৩ শতাংশ। অর্থাৎ প্রায় অর্ধেক বাংলাদেশি ছিল অতি দরিদ্র। ক্রয়ক্ষমতার (পারচেজিং পাওয়ার প্যারিটি-পিপিপি) ভিত্তিতে বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশে এখন অতি দরিদ্র তারাই, যাদের দৈনিক আয় ১.৯০ ডলারের কম।
এক ডলার=৭৮ টাকা হিসাবে ১৪৮ টাকার কম আয় করে তারা। ‘বাংলাদেশ উন্নয়ন আপডেট’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা বিশ্বব্যাংক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এর বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক প্রধান চিমিয়াও ফান। বিশ্বব্যাংক বলেছে, অতি দরিদ্র্যের হার কমিয়ে আনতে বাংলাদেশের অর্জন অবিস্মরণীয়। দারিদ্র্যের হার কমিয়ে আনার ক্ষেত্রে ভারত, পাকিস্তান ও ভুটানের মতো দেশকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এ খবর এমন এক সময় দেওয়া হলো যখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এ দেশের দারিদ্র্য জয়ের গল্প বিশ্বকে শোনাতে ১৭ অক্টোবর বাংলাদেশ আসছেন।
জেড





