গাজীপুরের শ্রীপুর উপজেলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকুসহ আরও কয়েকজন নেতাকর্মীর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে জিকুসহ ছাত্রলীগের চার নেতা গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ নেতা ও স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাত ৮টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকার একটি চায়ের দোকানে বসে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক তন্ময় বণিক, সহ-সম্পাদক রাসেল শেখসহ ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে আড্ডা দিচ্ছিলেন জিকু। এ সময় হঠাৎ ২৫ থেকে ৩০ জন যুবকের একটি সশস্ত্র দল হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে। এতে জিকুসহ ছাত্রলীগের চার নেতা গুরুতর আহত হন।
এদিকে ছাত্রলীগ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্থানীয় মাওনা চৌরাস্তা এলাকায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী শিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার কারণ এখনো জানা যায়নি।
জেড





