মাদারীপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নূর আলম সরদার (৪০), ছবুল্লা মোল্লা (৫০), মিরচাঁন হাওলাদার (৪৫), হান্নান হাওলাদার (৪০), কালু বেপারী (৪৫), রুনা আক্তার (৩০), হাফিজা বেগম (৩৩)। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান দর্জীর সমর্থকরা ছয়না বাজারে সভা করছিলেন। হঠাৎ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাবুল আক্তারের লোকজন খলিলুর রহমানের লোকজনের উপর হামলা চালায়। পরে উভয় পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে দশজন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নূর আলম ও মিরচাঁন হাওলাদার নামে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমই





