যশোরে আহমেদ রুবেল (২৮) ও মিজানুর রহমান (৩৫) নামে দুই যুবককে কুপিয়ে দুই লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে। এ সময় তাদের মোটরসাইকেলও ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
রোববার দুপুরে সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাজু আহমেদ রুবেল জানান, দুপুরে তিনি ও মিজানুর মোটর সাইকেলযোগে সোনালী ব্যাংকের চুড়ামনকাটি শাখায় দুই লাখ সাত হাজার টাকা জমা দিতে যাচ্ছিলেন।
পথিমধ্যে চুড়ামনকাটি বাজারে একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তারা রুবেল ও মিজানুরকে কুপিয়ে জখম করে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, পূর্ব বিরোধের জের ধরে দু’জন হামলার শিকার হয়েছেন। তবে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।
জেএ





