নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিরাব এলাকায় অবস্থিত সোনারগাঁ আইডিয়াল স্কুলে কোচিংয়ে আসতে দেরি ও অতিরিক্ত টাকা আদায়ে ব্যার্থ হওয়ায় ১৫ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার পর রাতের বেলায় শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

বুধবার ( ৩১ মে ) সকালে শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার পর রাতে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল এলাকায় ঢাকা-বাইপাস  সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও অভিভাবকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রধান শিক্ষকের বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থী অভিভাবকরা। শিক্ষার্থীদের হুমকীর খবর ছড়িয়ে পরলে শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে আসতে থাকলে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দুলাল স্কুল থেকে পালিয়ে যায়।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের শিরাব এলাকায় আইডিয়াল স্কুলে রমজান মাসে শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের কাছ থেকে অন্যান্য সময় ৩শত টাকা নিলেও রমজান মাসে স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে ৫শত টাকা আদায় করার অভিযোগ করেছে শিক্ষার্থীরা। ফলে স্কুলে শিক্ষার্থীরা কোচিং করতে অপারগতা স্বীকার করে।

গত বুধবার সকালে শিক্ষার্থীরা দেরি করে কোচিং করতে যাওয়ায় স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দুলাল ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের এলোপাথীরিভাবে বেত দিয়ে পেটাতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা পাশ্ববর্তী বাড়িতে আশ্রয় নিলে ওখানে গিয়ে পুনরায় প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দুলাল ও সহকারী শিক্ষক রাসেল মিয়া দ্বিতীয় দফায় পেটাতে থাকে। শিক্ষকের বেত্রাঘাতে দশম শ্রেণীর ছাত্রী তানজিলা, মাহফুজ, সুরভী আক্তার, নাইমা, মনিকা আক্তার, সানজিদা খানম, তানিয়া, সুমাইয়া, দিলারাসহ ১৫জন শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে স্কুলে এসে প্রধান শিক্ষকের বিচার দাবী করে বিক্ষোভ করতে থাকে। স্থানীয় আওয়ামীলীগ নেতা আবু হোসেন চৌধুরী সাইদুল শিক্ষকের বিষয়ে প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দায়েরের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয়।

এদিকে শিক্ষার্থীদের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দুলাল পিটিয়ে আহত করার পর রাতের বেলায় আহত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ তুলে শিক্ষার্থীর অভিভাবকরা।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বস্তুল এলাকায় শিক্ষার্থী অভিভাবকরা ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে। খবর পেয়ে সোনারগাঁ থানায় উপ-পরিদর্শক( এসআই) মো. শাহ কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দুলালের সঠিক বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থী ও অভিভাবকরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীদের অবরোধের কারণে ওই এলাকায় দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।

 সোনারগাঁ থানার উপ-পরিদর্শক( এসআই) মো. শাহ কামাল জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সোনারগাঁ আইডিয়াল স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সুরভী আক্তার, নাইমা ও মনিকা আক্তার জানায়, স্কুলে কোচিং এ আসতে দেরি হওয়ার প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে আমাদের এলোপাথারিভাবে পিটিয়েছে। এর পর রাতে গিয়ে এ নিয়ে বাড়াবাড়ি করলে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেয়।

এবিষয়ে স্কুলে গিয়ে ওই প্রধান শিক্ষকের বক্তব্য নিতে গেলে তাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। পিটিয়ে আহত করার পর রাতে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে হুমকি এটা কোন ভাবেই কাম্য নয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল মজুমদার/এমই