তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাইদুর রহমান(২০) নামে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে স্কুলছাত্ররা। এ ঘটনায় ৫ স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মহিলা কলেজ রোড এলাকার বাসিন্দা শ্রীমান্ত রায়ের পুত্র ও দশম শ্রেণির ছাত্র পলাশ রায় (১৫), আব্দুল কাইয়ূমের পুত্র ও ৫ম শ্রেণির ছাত্র সজিব (১২), নেপাল রায়ের পুত্র ও দশম শ্রেণির ছাত্র প্রকাল রায়, রুপেন রায়ের পুত্র ও নবম শ্রেণির ছাত্র কৃষ্ণ রায় (১৪) এবং হাসান চৌধুরী হেমসিমের পুত্র জিদাম (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে একদল কিশোর বৃন্দাবন কলেজ হোস্টেলের পুকুরে গোসল করছিল। এ সময় পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বানিয়াচঙ্গ উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মতি মিয়ার পুত্র ও বৃন্দাবন কলেজ ছাত্রলীগ নেতা সাইদুর রহমানের গায়ে পানির ছিটা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সাইদুর কিশোর অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
জুম্মার নামাজের পর সাইদুর হোস্টেলে ফেরার সময় ওই কিশোররা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয় এবং কুপিয়ে জখম করে। সাইদুরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
স্থানীয় লোকজন সাইদুরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
রাত সাড়ে ৮টার দিকে সাইদুরের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে থানা ঘেরাও করে। এ সময় পুলিশ দায়ীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এরপর রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ কিশোরকে আটক করে।
এসআই আব্দুর রহিম জানান, ‘ক্রিকেট খেলা শেষে পুকুরে গোসল করার সময় পানির ছিটা সাইদুরের গায়ে পড়ায় সে ওই কিশোরদের গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই কিশোররা তাকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে।
এমবিএইচ





