করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মুসল্লিদের বাসায় সুন্নত বা নফল নামাজ পড়ে জুমার নামাজ পড়তে মসজিদে আসার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শুক্রবার (২০ মার্চ) ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ এক বার্তায় এ আহ্বান জানান।

এতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় এর সংক্রমণ এড়াতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের জনসমাগম পরিহার করাসহ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়ার আগে বাসায় অজু করে এবং সুন্নত ও নফল নামাজ পড়ে কেবল ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসতে মুসল্লিদের আহ্বান জানানো হচ্ছে।

এছাড়া যারা বিদেশফেরত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তি, তাদের মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে বাড়িতেই জোহরের নামাজ আদায় করতে ইসলামিক ফাউন্ডেশনের এ বার্তায় আহ্বান জানানো হয়েছে।

এর আগে করোনাভাইরাস ঠেকাতে বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে না যাওয়া ও জনসমাগম উপস্থিত না হবার পরামর্শ দিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার (১৭ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সেই বিবৃতিতে আনিস মাহমুদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় দেশে একটি বিশেষ অবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধসহ অভ্যন্তরীণ যোগাযোগ সীমিত করা হয়েছে। বিশ্বে প্রতিদিন মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে এবং নতুন নতুন লোক করোনায় আক্রান্ত হচ্ছে। বাংলাদেশেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণাসহ বেশকিছু নির্দেশনা প্রদান করেছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচি সংকুচিত করা হয়েছে। জনসমাগম পরিহারের নির্দেশ প্রদান করা হয়েছে।

এছাড়া গুজব-আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন তিনি।

এমআর