চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) সদ্য যোগদানকারী পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল বলেছেন, চট্টগ্রাম নগরবাসীকে স্বস্তিতে রাখার আমার প্রথম দায়িত্ব।
জনগনের জানমালের নিরাপত্তা বিধানে আমি সবসময় সচেষ্ট থাকবো। নগরীতে ছিনতাইকারী, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজদের চট্টগ্রামে থাকতে দেয়া হবে না।
বুধবার দুপুরে নগরীর লালদিঘীস্থ সিএমপি সদর দপ্তরে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে নবাগত সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল এ কথা বলেন।
তিনি বলেন, অপরাধীদের হয় তাদের পেশা ছাড়তে হবে, নয়তো তাদের চট্টগ্রাম ছেড়ে যেতে হবে। আমরা পুলিশ বাহিনী জনগণকে সেবা দেব, কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, সমাজবিরোধীকে নয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার পদ থেকে বদলি হয়ে গত ২১ জুলাই আব্দুল জলিল মন্ডল সিএমপি কমিশনার হিসেবে যোগ দেন। বুধবার তিনি চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, পুলিশ বাহিনী কাজ করে সংবিধিবদ্ধ আইন অনুযায়ী। দেশের কোন গুম খুনের সঙ্গে কোনভাবেই পুলিশ বাহিনী জড়িত নয়। পুলিশের কোন সদস্য আইন বহির্ভুত কাজ করলে তার দায় দায়িত্ব বাহিনী নিবে না।
পুলিশ ও সাংবাদিক একই মুদ্রার এপিঠ ওপিঠ মন্তব্য করে আবদুল জলিল মন্ডল বলেন, পুলিশ এবং সাংবাদিকের কার্যক্রম প্রায়ই একই ধরনের। তাই সাংবাদিক ও জনসাধারণের সহায়তায় আমি চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রম অব্যাহত রাখবো, যাতে নগরীর জনগণ স্বস্তিতে জীবন যাপন করতে পারেন।
দেশের স্বাধীনতা অর্জনে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন স্বাধীনতা রক্ষায়ও পুলিশ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। সেবার ঝুলি নিয়ে জনগণের সামনে উপস্থিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার, অতিরিক্ত কমিশনার (অর্থ, ট্রাফিক ও প্রশাসন) একেএম শহীদুর রহমান প্রমুখ।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





